সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন তিন ক্রিকেটার
মুনাজ | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১, ১২:১৯ এএম
২০২০-২০২১ করবর্ষের সেরা করদাতাদের নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় ব্যবসায়ীদের পাশাপাশি ক্রিকেটাররাও রয়েছেন। এবার সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন তিন ক্রিকেটার। তিন ক্রিকেটার হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং ব্যাটসম্যান সৌম্য সরকার।
বুধবার (১৭ নভেম্বর) সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানের নামে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এর মধ্যে এবার ব্যক্তিপর্যায়ে ৭৫ জন, কোম্পানি পর্যায়ে ৫৪ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টি ট্যাক্সকার্ড প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। সম্মাননা হিসেবে তাদের প্রত্যেককে বিশেষ সুবিধার ট্যাক্সকার্ড দেওয়া হবে। জাতীয় আয়কর দিবসে তাদের হাতে প্রদান করা হবে এ সম্মাননা। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসু সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, এর আগে সাকিব, মাশরাফিরাও সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন।
এনএফ৭১/এমএ/২০২১
